আবাস যোজনা: টাকা ফেরতের নোটিসে মাথায় হাত বীরভূমের ২২ উপভোক্তার!
বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকে পিএম আবাস যোজনার সুবিধা নিয়ে অনিয়মের অভিযোগে ২২ জনকে নোটিস পাঠিয়েছে ব্লক প্রশাসন। ভদ্রপুর ১ পঞ্চায়েতের মোস্তফাডাঙ্গা গ্রামের ওই বাসিন্দাদের বিরুদ্ধে অভিযোগ, পাকা বাড়ি থাকা সত্ত্বেও ভুল তথ্য দিয়ে তারা এই প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা তুলে নিয়েছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী, আগামী সাত দিনের মধ্যে অভিযুক্তদের উত্তোলিত টাকা ফেরত দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা থেকেও অভিযুক্তদের বঞ্চিত করা হতে পারে। নলহাটির বিডিও প্রিয়াঙ্কা সাধুখাঁ জানিয়েছেন, পূর্ণাঙ্গ তদন্তের পরই এই নোটিস জারি করা হয়েছে এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।