মেদিনীপুর মেডিক্যালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন কাণ্ড, চরম গাফিলতিতে শোকজ হাসপাতালের ৫ কর্মী!
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। গত ৫ জুলাই কিডনি ও হৃদরোগে আক্রান্ত এক বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হলে তাঁকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি রোগীর স্বজনদের নজরে আসতেই তীব্র ক্ষোভ ছড়ায়। ঘটনার প্রেক্ষিতে স্বাস্থ্যদপ্তরের একটি প্রতিনিধি দল জরুরি ভিত্তিতে হাসপাতালে গিয়ে তদন্ত চালায়।
তদন্তকারী দলের প্রতিবেদনের ভিত্তিতে শুক্রবার রাতেই হাসপাতালের অ্যাডিশনাল সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার, স্টোর ইনচার্জ, সিস্টার ইনচার্জ এবং এক নার্সকে শোকজ করেছে স্বাস্থ্যদপ্তর। আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের এই ঘটনার উপযুক্ত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও এই হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ব্যবহারের অভিযোগ উঠেছিল, যার ফলে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে স্বাস্থ্যভবন।