পুকুর দখলের অভিযোগ, মারধর ও শ্লীলতাহানির দায়ে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর!
বেহালার ১২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অঞ্জন দাস ও তাঁর সহযোগী প্রোমোটার ভোলা সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবীন্দ্রনগর এলাকায় একটি পুকুর দখলের ঘটনায় মদত দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে অঞ্জন দাসের স্ত্রী সংহিতা দাস ওই ওয়ার্ডের কাউন্সিলর হলেও, এলাকায় অঞ্জন দাসের প্রভাবই ছিল অপ্রতিদ্বন্দ্বী বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এলাকার যাবতীয় অনৈতিক কার্যকলাপ ও প্রোমোটিং সিন্ডিকেট তাঁর নিয়ন্ত্রণেই ছিল।
পুকুর দখলের প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দা সুশান্ত ঘোষ ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীর ওপর হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় মারধর ও শ্লীলতাহানির অভিযোগে পর্ণশ্রী থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে তদন্তে নেমে গত শুক্রবার রাতে প্রাক্তন কাউন্সিলর ও তাঁর সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।