এক মাসেই সরকারি কোষাগারে ১০০০ কোটি টাকা, রাজস্বের নতুন রেকর্ড!
রাজ্য সরকার গঠনের প্রথম মাসেই সরকারি কোষাগারে রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ১,০০০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে রাজ্য বিজেপি। দলের মতে, সঠিক নীতি, স্বচ্ছ প্রশাসন এবং কঠোর নজরদারির ফলেই এই রাজস্ব বৃদ্ধি সম্ভব হয়েছে। এই সাফল্যকে সামনে রেখে বিজেপি একটি প্রচারপত্রও প্রকাশ করেছে, যেখানে তৃণমূল জমানায় চলা দুর্নীতি ও রাজস্ব ফাঁকি বন্ধ হওয়াকে এই আয়ের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিজেপির দাবি অনুযায়ী, খনিজ সম্পদে কঠোর নজরদারির ফলে বালি, কয়লা ও পাথর খাদানে আগের মতো দুর্নীতি ও রাজস্ব ফাঁকি অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে। পাশাপাশি, ভূমি নিবন্ধীকরণ বা ল্যান্ড রেজিস্ট্রেশন প্রক্রিয়া ডিজিটাল করার ফলে সাধারণ মানুষের ভোগান্তি ও মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ কমেছে, যা রাজস্ব আয়ের গতি বাড়িয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই বাড়তি আয় অব্যাহত থাকলে কেন্দ্রীয় বরাদ্দের ওপর নির্ভরতা কমিয়ে পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠতে পারবে।