কলকাতা বিমানবন্দরের পথ পরিষ্কার, ১৩৬ বছরের পুরনো মসজিদ সরছে অন্যত্র!
দমদম বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের লক্ষ্যে ১৩৬ বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ বা ‘বাঁকড়া মসজিদ’ স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। রানওয়ের অতি কাছে অবস্থিত হওয়ায় বড় বিমানের ওঠানামায় বিঘ্ন ও নিরাপত্তার ঝুঁকি নিরসনে এই সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে শনিবার থেকে বিমানবন্দরের ভেতর দিয়ে মসজিদে প্রবেশের বিশেষ এন্ট্রি পাস বন্ধ করে দেওয়া হয়েছে এবং আপাতত সেখানে নামাজ আদায়ও স্থগিত রাখা হয়েছে।
স্থানীয় বিধায়ক সৌরভ শিকদার মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদ কমিটি আগেই নিরাপত্তার বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছিল। বর্তমানে কর্তৃপক্ষের তরফ থেকে মসজিদের পরিবর্তে বাইরে নতুন করে একটি বড় মসজিদ নির্মাণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।