মুরগি না খাসি? বিয়ের ভোজ ঘিরে রণক্ষেত্র, রক্তারক্তি কাণ্ড!
July 11, 2026
বিহারের সাহারসার রাজনপুর গ্রামে বিয়ের অনুষ্ঠানে মাংসের মেনু নিয়ে বিতর্কের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সিমরি বখতিয়ারপুর থেকে আসা বরযাত্রীদের খাসির মাংসের পরিবর্তে মুরগির মাংস পরিবেশন করা হলে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত বর ও কনেপক্ষের মধ্যে লাঠি ও রড নিয়ে সংঘাত ছড়িয়ে পড়ে।
বিয়ের আসরে সৃষ্ট এই সংঘর্ষে বরের এক আত্মীয়সহ বরপক্ষের অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য সিমরি বখতিয়ারপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে প্যান্ডেলে চরম বিশৃঙ্খলা ও আতঙ্কের সৃষ্টি হলে অতিথিরা দিগ্বিদিক ছুটতে থাকেন। বর্তমানে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং বরপক্ষ এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।