রাজ্যের ঋণের বোঝা ৮ লক্ষ কোটি টাকা, শোধ করবেন কীভাবে?
July 12, 2026
রাজ্যের ক্রমবর্ধমান ঋণের বোঝা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডানকুনিতে এক অনুষ্ঠানে তিনি জানান, বাম আমলের ২ লক্ষ কোটি টাকার ঋণ বর্তমানে বেড়ে ৮ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। রাজ্যের ৪ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার বার্ষিক বাজেটের একটি বড় অংশ, অর্থাৎ প্রায় ১ লক্ষ কোটি টাকা, প্রতি বছর কেবল ঋণ ও সুদ পরিশোধেই ব্যয় করতে হচ্ছে।
এই বিশাল আর্থিক দায়ভার সামলানোই এখন সরকারের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের এই সংকট মোকাবিলায় রাজস্ব বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করতে ডবল ইঞ্জিনের সরকার উদ্যোগী হয়েছে।