মাতৃত্বকালীন ছুটি দয়া নয় অধিকার, ঐতিহাসিক রায়ে মহিলাদের পাশে হাইকোর্ট!
মাতৃত্বকালীন ছুটি কোনো দয়া বা অনুকম্পা নয়, বরং কর্মরতা নারীর সাংবিধানিক অধিকার বলে ঐতিহাসিক রায় দিয়েছেন জম্মু, কাশ্মীর ও লাদাখ হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে যে, কোনো প্রশাসনিক নির্দেশিকা বা সরকারি সিদ্ধান্তের মাধ্যমে এই মৌলিক অধিকার খর্ব করা সম্ভব নয়। সরকারি মেডিক্যাল কলেজে চুক্তিভিত্তিক কর্মরত চিকিৎসকদের মাতৃত্বকালীন ছুটির বেতন বন্ধের বিতর্কিত সরকারি সিদ্ধান্ত বাতিল করে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রজনীশ ওসওয়ালের বেঞ্চ।
ঘটনার সূত্রপাত গত ২০২৫ সালের ১৪ অক্টোবর, যখন স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা দফতর নির্দেশ দেয় যে, মাতৃত্বকালীন ছুটিতে থাকা ওই চিকিৎসকদের কোনো বেতন দেওয়া হবে না। এর বিরুদ্ধে ড. সোনাক্ষী গুপ্তাসহ বেশ কয়েকজন চিকিৎসক আদালতে আবেদন করেন। মামলার শুনানিতে আদালত জানায়, মাতৃত্বকালীন ছুটির সঙ্গে পূর্ণ বেতন পাওয়ার অধিকার অবিচ্ছেদ্য এবং একবার ছুটি মঞ্জুর হওয়ার পর বেতন আটকে রাখা সম্পূর্ণ বেআইনি। একইসঙ্গে আদালত সংশ্লিষ্ট চিকিৎসকদের বকেয়া বেতন ও ভাতা অবিলম্বে পরিশোধের নির্দেশ দিয়েছে।