‘মাকে মেরে ফেলেছে বাবা, আমাকে বাঁচাও!’ আমেরিকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার ভারতীয় নারী
আমেরিকার জর্জিয়ার লরেল ক্রিক ট্রেলের একটি বাড়িতে পারিবারিক বিবাদের জেরে গুলিতে নিহত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত গুগ্ল কর্মী শীতল জ়েরেসিয়েন। এই হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর স্বামী কির্ক বি জ়েরেসিয়েনকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। ঘটনার পর এলাকা থেকে পালিয়ে গেলেও মঙ্গলবার রাত ৮টা নাগাদ আটলান্টার কাছে কব কাউন্টি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাঁকে কব কাউন্টি অ্যাডাল্ট ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গুলির শব্দ শোনার পর প্রতিবেশীরা শীতলের ছেলে জেসনকে রক্তাক্ত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে এসে সাহায্যের জন্য আর্তনাদ করতে দেখেন। জেসন প্রতিবেশীদের জানান যে তাঁর বাবা তাঁর মাকে গুলি করে হত্যা করেছেন। প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে শীতলের দেহ উদ্ধার করা হয় এবং আহত জেসনকে হাসপাতালে ভর্তি করা হয়। ২০ বছর ধরে তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত শীতল জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদ থেকেই এই খুনের ঘটনা ঘটেছে এবং প্রকৃত কারণ জানতে অভিযুক্ত ও পুত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।