১২ বছরেই মিরাকল! নিখোঁজ মূক-বধির তরুণী ঘরে ফিরলেন বিশ্বজয়ের সোনা নিয়ে!

১২ বছর আগে নিখোঁজ হওয়া কোচবিহারের বালাকুঠি গ্রামের মূক ও বধির তরুণী মায়া বর্মণ দীর্ঘ প্রতীক্ষার পর পরিবারের কাছে ফিরে এলেন। ১৭ বছর বয়সে ভুল ট্রেনে উঠে নিখোঁজ হয়ে যাওয়ার পর তিনি হাওড়ার বাগনানের একটি সরকারি হোমে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই ভলিবল খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তোলেন তিনি। ২০২৩ সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশ্যাল অলিম্পিক্সে সোনা জয় করে দেশের মুখ উজ্জ্বল করেছেন এই অসামান্য প্রতিভাধর তরুণী।

সম্প্রতি আধার কার্ড তৈরির জন্য আঙুলের ছাপ নেওয়ার সময় মায়ার প্রকৃত ঠিকানার সন্ধান মেলে। প্রশাসনের সহায়তায় বুধবার দীর্ঘ এক যুগ পর তিনি নিজের বাড়িতে ফিরে আসেন। বার্লিন থেকে পদক জয়ী হয়ে ফেরা মায়া ইশারায় পরিবারের কাছে নিজের সংগ্রামের কথা তুলে ধরেন। দীর্ঘদিন পর প্রিয় সন্তানকে কাছে পেয়ে এবং তাঁর সাফল্যের কাহিনী জেনে আবেগাপ্লুত কোচবিহারের বর্মণ পরিবার। মায়ার এই প্রত্যাবর্তন এখন গোটা এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *