বারুইপুর কাণ্ডে মেগা ক্র্যাকডাউন, ধৃতের সংখ্যা বেড়ে ৪০!

বারুইপুরে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা এবং পরবর্তীতে গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনায় রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার বারুইপুরে গিয়ে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় কোনো উগ্র ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী সুপরিকল্পিতভাবে ইন্দ্রজিৎকে চিহ্নিত করে পিটিয়ে খুন করেছে বলে তিনি অভিযোগ করেছেন। নিহত ইন্দ্রজিতের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ২৫ লক্ষ টাকার চেক এবং তাঁর দাদা বাপীকে বারুইপুর পুলিশে সিভিক ভলান্টিয়ার পদে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি নিজে তদন্তের বিষয়টি তদারকি করছেন এবং ভারতীয় ন্যায় সংহিতা (BNS) অনুযায়ী দোষীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে।

ইতিমধ্যেই ইন্দ্রজিৎ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শরিফুল মল্লিক, আবু সিদ্দিকি সরকার এবং শামিম আলি খান নামে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মূল অভিযুক্ত শরিফুলকে দিঘা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় এখন পর্যন্ত মোট ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ইন্দ্রজিৎ হত্যা মামলাতেই ধৃতের সংখ্যা ৭। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। এছাড়াও, নির্যাতিতা নাবালিকার পরিবারের নিরাপত্তার স্বার্থে তাদের বাড়ির কাছে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *