৩ কোটির দুর্নীতিতে ফেঁসে গেলেন প্রাক্তন ডিসিপি, শান্তনুর বিরুদ্ধে বিস্ফোরক ইডি!
জমি দখল ও বেআইনি কার্যকলাপের মাধ্যমে অন্তত তিন কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ১১৪ পাতার এই চার্জশিটে ২৬ জন সাক্ষীর বয়ান অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, প্রাক্তন এই পুলিশ আধিকারিক নির্মাণকারী, দুর্নীতিগ্রস্ত পুলিশকর্মী ও সমাজবিরোধীদের নিয়ে একটি বড় সিন্ডিকেট পরিচালনা করতেন।
তদন্তে উঠে এসেছে যে, শান্তনু সিনহা বিশ্বাস দুষ্কৃতী সোনা পাপ্পু ও ব্যবসায়ী জয় কামদারকে ব্যবহার করে বিভিন্ন জেলায় জমি দখল করাতেন। এছাড়া, তাঁর আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির প্রমাণও পাওয়া গেছে। তদন্তে অসহযোগিতার অভিযোগে ইডি তাঁকে আগেই গ্রেপ্তার করেছিল। আধিকারিকদের অনুমান, আত্মসাৎ করা অর্থের পরিমাণ তিন কোটি টাকারও বেশি হতে পারে এবং বাকি অর্থের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।