মাংসের দোকানে বাধ্যতামূলক বোর্ড, হালাল না ঝটকা নিয়ে নতুন দাবি!
দুর্গাপুরের বেনাচিতি বাজারের মাংসের দোকানগুলোতে এবার থেকে ‘হালাল’ নাকি ‘ঝটকা’ মাংস বিক্রি হচ্ছে, তা বড় করে লিখে বোর্ড ঝোলানোর দাবি জানাল হিন্দু জাগরণ মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোন ধরনের মাংস কিনছেন তা জানার পূর্ণ অধিকার ক্রেতাদের রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা নিজেদের পছন্দ ও বিশ্বাস অনুযায়ী স্বাধীনভাবে মাংস কেনার সুযোগ পাবেন বলে দাবি করেছে তারা।
দোকানদারদের কাছে এই বিশেষ আবেদন জানানোর পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। হিন্দু জাগরণ মঞ্চের নেতা দীপ দাস জানিয়েছেন, কোনো দোকানদারের ওপর জোর করা হচ্ছে না, বরং ক্রেতাদের সুবিধার্থেই এই প্রস্তাব দেওয়া হয়েছে। দোকানের বাইরে মাংসের ধরন স্পষ্ট থাকলে সাধারণ মানুষের কেনাকাটা সহজ হবে বলে মনে করছে সংগঠনটি। তবে এই দাবির প্রেক্ষিতে স্থানীয় মাংস বিক্রেতা ও ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে শহরজুড়ে জোর চর্চা চলছে।