নন্দীগ্রাম উপনির্বাচনে জিতেই ছাড়বেন শুভেন্দু!
নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেছেদায় এক সাংগঠনিক বৈঠক শেষে তিনি জানান, গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবার বিজেপির জয়ের ব্যবধান অন্তত পাঁচ গুণ বৃদ্ধি পাবে। শুভেন্দু অধিকারীর দাবি অনুযায়ী, ২০১৯ সালে বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৩৭ শতাংশ, যা ২০২৪ সালে ৪৯ শতাংশে পৌঁছেছে এবং বর্তমানে তা বেড়ে ৫৬ শতাংশ হয়েছে। তৃণমূল আর আগের মতো পুলিশ বা আইপ্যাকের ওপর ভর করতে পারছে না বলে মন্তব্য করে তিনি আসন্ন নির্বাচনে নন্দীগ্রামে বিজেপি ৭০ শতাংশ ভোট পাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
তৃণমূল কংগ্রেসের অন্দরে দলীয় প্রার্থীদের অনীহা নিয়েও সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা। তিনি অভিযোগ করেন, তৃণমূলের কাছে নন্দীগ্রামের উপনির্বাচনে প্রার্থী হওয়ার মতো লোক নেই। সূত্রের খবর অনুযায়ী, গত বিধানসভা ভোটে পরাজিত তৃণমূল প্রার্থী পবিত্র কর এবং স্থানীয় নেতা শেখ সুফিয়ান—উভয়েই আসন্ন উপনির্বাচনে প্রার্থী হতে অনিচ্ছা প্রকাশ করেছেন এবং এই বার্তা দলীয় নেতৃত্বের কাছে পৌঁছে দিয়েছেন। ২০৮ নম্বর আসনটির জয়ের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে শুভেন্দু অধিকারী এই নির্বাচনে বিজেপিকে জয়ী করার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।