কলকাতা পুরসভায় ঐতিহাসিক বদল, বদলে যাচ্ছে ১৪৪ ওয়ার্ডের সীমানা!

কলকাতা পৌরনিগমের প্রশাসনিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের বর্তমান ১৪৪টি ওয়ার্ডের সংখ্যা বাড়িয়ে ২০০টি করার সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে, প্রক্রিয়াটি দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৬টি বিশেষ ‘বরো সীমানা পুনর্নির্ধারণ কমিটি’ গঠন করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন দপ্তরের নির্দেশিকা মেনে ১৯৮০ সালের কলকাতা পৌরসংস্থা আইন সংশোধন করে এই প্রশাসনিক মানচিত্র পরিবর্তনের কর্মযজ্ঞ শুরু হয়েছে। গত ১০ জুলাই পুরসভার পক্ষ থেকে কেন্দ্রীয় এবং বরো স্তরে এই কমিটিগুলো গঠন করা হয়।

নতুন গঠিত এই কমিটিগুলো মাঠপর্যায়ে নতুন ওয়ার্ডের সীমানা যাচাই, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সংকলন, সংশোধিত মানচিত্র তৈরি এবং চূড়ান্ত রিপোর্ট পেশ করার দায়িত্ব পালন করবে। প্রতিটি বরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (সিভিল) প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসেসর কালেক্টর ও স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা কমিটিতে থাকবেন। পুরসভা সূত্রে জানানো হয়েছে, ওয়ার্ড সংখ্যা বাড়লে প্রশাসনিক কাজের বিকেন্দ্রীকরণ ঘটবে, যার ফলে সাধারণ মানুষের জন্য নাগরিক পরিষেবা আরও দ্রুত ও উন্নত হবে। এই লক্ষ্য অর্জনে পুরসভা ইতিমধ্যেই অতিরিক্ত কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *