কালীঘাটের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! ইডির তলবে তোলপাড় তৃণমূলের অন্দরমহল

কলকাতা: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করার ঘটনার জেরে ইডির বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করল কালীঘাট তৃণমূল। সোমবার বিচারপতি জয় সেনগুপ্ত ও বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে শুনানির শুরুতেই এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী এসভি রাজু আদালতে জানতে চান, ঠিক কার অনুমোদনে এবং কোন আইনি ভিত্তির ওপর দাঁড়িয়ে তৃণমূল এই মামলা দায়ের করেছে। একই সঙ্গে, মামলার সপক্ষে দলীয় সংবিধান জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

ইডির আপত্তির মুখে বিচারপতি রায় তৃণমূলের আইনজীবীর কাছে জানতে চান, ঠিক কোন অধিকারবলে তারা এই মামলা করছে। তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত নিজের সওয়ালের স্বপক্ষে সংবিধান দেখানোর জন্য আদালতের কাছে সময় চেয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আজ বেলা সাড়ে ১২টায় এই মামলার পরবর্তী শুনানি হবে। উল্লেখ্য, আগেই আদালত নির্দেশ দিয়েছিল যে অ্যাকাউন্ট ফ্রিজ় থাকলেও আইনি খরচ মেটাতে সেই টাকা ব্যবহার করা যাবে, তবে পরিচালনার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশ্যাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। ওই অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মধ্যেই এবার নতুন করে ইডির মুখোমুখি হলো কালীঘাট তৃণমূল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *