অভিষেকের হেলথ ক্যাম্পে ওষুধে পচন, পা হারালেন বৃদ্ধা!
হাঁটু ব্যথার চিকিৎসা করাতে গিয়ে ভুল ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় পা হারানোর অভিযোগ তুলেছেন মহেশতলার বাসিন্দা ষাটোর্ধ্ব মালতী বিশ্বাস। ভুক্তভোগীর অভিযোগ, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির থেকে দেওয়া ওষুধ সেবনের পরই তাঁর পায়ে পচন ধরে এবং শেষপর্যন্ত অস্ত্রোপচার করে পা বাদ দিতে হয়। দীর্ঘ ৯৬ দিন হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ মোট নয়জনের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় এফআইআর (FIR) দায়ের করেছেন।
ভুক্তভোগীর দাবি, স্থানীয় তৃণমূল কর্মীদের চাপে গত ফেব্রুয়ারি মাসে তিনি সেবাশ্রয় ক্যাম্পে যান। সেখান থেকে দেওয়া ওষুধ খাওয়ার পর তাঁর হাঁটু ব্যথা কমার বদলে মারাত্মকভাবে বেড়ে যায়। বিভিন্ন হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর পায়ের স্নায়ু অকেজো হয়ে পচন ধরেছে। এছাড়া, ঘটনার পর একাধিকবার আবেদন করা সত্ত্বেও সাংসদের অফিস থেকে কোনো সহযোগিতা বা দেখা করার সুযোগ পাননি বলে তিনি অভিযোগ করেছেন। বর্তমানে বিষয়টি নিয়ে খোদ স্বাস্থ্য ভবন তৎপর হয়েছে এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ভুক্তভোগীর পরিবারকে আলোচনার জন্য ডেকে পাঠিয়েছেন।