নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তি মানস ভুঁইয়ার, শর্তসাপেক্ষে মিলল রক্ষাকবচ!

চাকরি বিক্রির অভিযোগে দায়ের হওয়া মামলায় শর্তসাপেক্ষে স্বস্তি পেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সাত বারের বিধায়ক মানস ভুঁইয়া। গ্রেফতারির আশঙ্কা করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার পর, সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে শুনানি শেষে আদালত তাঁর রক্ষাকবচের আবেদন মঞ্জুর করেছে। তবে এই রক্ষাকবচ পাওয়ার ক্ষেত্রে আদালত তাঁকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবং থানা এলাকার বাইরে না যাওয়া, স্থানীয় থানায় পাসপোর্ট জমা রাখা এবং তদন্ত প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করার মতো কঠোর শর্ত দিয়েছে।

সবংয়ের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের এক বাসিন্দার অভিযোগ, মানস ভুঁইয়ার মধ্যস্থতায় ৫ লক্ষ টাকার বিনিময়ে তাঁর স্ত্রীর চাকরি নিশ্চিত হয়েছিল। সিআইএসবি সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের অধীনে ওই চাকরি পাওয়ার দুই মাসের মধ্যেই ওই মহিলাকে বরখাস্ত করা হয়। এই ঘটনায় প্রতারণার অভিযোগে মানস ভুঁইয়ার বিরুদ্ধে সবং থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(৪) এবং ৬১(২) ধারায় মামলা রুজু হয়েছে, যদিও প্রাক্তন মন্ত্রী এই অভিযোগ অস্বীকার করেছেন। প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর গত ১৩ জুন তৃণমূল কংগ্রেস ত্যাগের ঘোষণা করেছিলেন মানস ভুঁইয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *