সবুজে মুড়বে বাংলা! অরণ্য সপ্তাহে ১ কোটিরও বেশি গাছ লাগানোর লক্ষ্য নবান্নের

পরিবেশ রক্ষায় রাজ্যজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও গতিশীল করতে আগামী ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত ‘অরণ্য সপ্তাহ’ পালন করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে রাজ্যে অন্তত ১.১০ কোটি নতুন গাছ রোপণের লক্ষ্যমাত্রা পূরণে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য রাজ্যের মুখ্যসচিব সমস্ত জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠিয়েছেন। বন দফতরকে এই অভিযানের নোডাল দফতর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অরণ্য সপ্তাহের কর্মসূচির তদারকি করবেন জেলাশাসকরা, যারা জেলা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হিসেবে বিভিন্ন সরকারি দফতর, স্থানীয় প্রশাসন ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় বজায় রাখবেন। কর্মসূচিতে স্কুল শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে স্কুল শিক্ষা দফতরকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া চেম্বার অফ কমার্স এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকেও এই বৃক্ষরোপণ অভিযানে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে মুখ্যমন্ত্রী যে পরিবেশ অভিযানের সূচনা করেছিলেন, তারই ধারাবাহিকতায় এই কর্মসূচি পালিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *