আসামে স্বস্তি, বিদেশি তকমা পাওয়া ২৭ জনের নাগরিকত্ব ফের যাচাইয়ের নির্দেশ সুপ্রিম কোর্টের!
আসামে ‘বিদেশি’ তকমা পাওয়া ২৭ জনের বিরুদ্ধে আপাতত কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছে, আসামের ফরেনার্স ট্রাইবুনালকে এই ব্যক্তিদের নাগরিকত্বের বিষয়টি নতুন করে এবং আরও স্বচ্ছ ও আইনসম্মত উপায়ে খতিয়ে দেখতে হবে। সাবিত্রী দে, আজবহর আলি, মহম্মদ আকবর আলি, আবেদা খাতুন এবং আনওয়ারা খাতুনসহ মোট ২৭ জন ব্যক্তি ভোটার তালিকায় নামের বানানে সামান্য ভুলের কারণে ফরেনার্স ট্রাইবুনাল কর্তৃক ‘বিদেশি’ ঘোষিত হওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এর আগে গৌহাটি হাই কোর্ট ট্রাইবুনালের সিদ্ধান্তই বহাল রেখেছিল।
শীর্ষ আদালত জানিয়েছে, নাগরিকত্ব ও বিদেশি শনাক্তকরণের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং এর সঙ্গে গভীর আইনি ও সাংবিধানিক গুরুত্ব জড়িত। আদালত ফরেনার্স ট্রাইবুনালকে আবেদনকারীদের পুরনো আরজিগুলোর যৌক্তিকতা নতুন করে যাচাই করার নির্দেশ দিয়েছে, কারণ আগের প্রক্রিয়াটি যথাযথ ছিল না। একইসঙ্গে আদালত স্পষ্ট করেছে যে, বিদেশি শনাক্তকরণ রাষ্ট্রের বৈধ অধিকার এবং কোনো ব্যক্তি পদ্ধতিগত কারচুপি বা মিথ্যা দাবির মাধ্যমে ভারতের নাগরিকত্ব দাবি করতে পারেন না।