কমিশন না বাড়লে সিসিটিভি নেই, ডিলারদের বৈঠকে খোদ প্রধানমন্ত্রীর ভাই!
রেশনের সামগ্রীতে কমিশন বৃদ্ধির দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজ্যের কোনো রেশন দোকানে সিসিটিভি বসানো হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সারা ভারত ফেয়ার প্রাইজ শপ ডিলার্স ফেডারেশন। সোমবার কলকাতার মহাজাতি সদনে আয়োজিত সংগঠনের এক সম্মেলনে এই ঘোষণা করা হয়। সম্মেলনে সংগঠনের সর্বভারতীয় সহ-সভাপতি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি উপস্থিত থেকে একজোট হয়ে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের বার্তা দিয়েছেন।
বর্তমানে রাজ্যের রেশন ডিলাররা কুইন্ট্যাল প্রতি ১০৫ টাকা কমিশন পান, যা বাড়িয়ে ২০০ টাকা করার দাবি জানিয়ে আসছেন তাঁরা। এর মধ্যেই রাজ্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে প্রতিটি রেশন দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি লাগানোর নির্দেশিকা জারি করা হয়। এই নির্দেশিকার প্রেক্ষিতে সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুসহ অন্যান্য নেতারা স্পষ্ট জানিয়েছেন, কমিশন বৃদ্ধির দাবি পূরণ না হলে সরকারি এই নির্দেশ কোনোভাবেই কার্যকর করা হবে না।