শিক্ষাকে পণ্য হতে দেব না, বেসরকারি স্কুলের ফি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!
বিকাশ ভবনে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের লাগামহীন ফি ও শিক্ষার মান নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও রাজ্যের শিক্ষামন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেসব বেসরকারি প্রতিষ্ঠান ‘এনওসি’ (NOC) পেয়েছে, তাদের ফি কাঠামো ও কাজের পদ্ধতি খতিয়ে দেখতে নিয়মিত পরিদর্শন বা ‘ইনস্পেকশন’ করা হবে এবং নিয়ম না মানলে ছাড়পত্র বাতিল করা হবে। শিক্ষাকে বাণিজ্যিকীকরণের হাত থেকে বাঁচাতে ন্যাশনাল এডুকেশন পলিসির অধীনে গুণগত মান উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে।
শিক্ষার পরিবেশ উন্নত করতে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যের ৮১ হাজার স্কুলে তিন বছর ধরে বকেয়া থাকা ‘কম্পোজিট গ্রান্ট’ পৌঁছে দেওয়া হবে। এছাড়া মিড-ডে মিলের গুণমান নিশ্চিত করতে কলকতায় আগস্ট মাস থেকে ইস্কন (ISKCON)-এর মাধ্যমে খাবার সরবরাহের সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে স্কুলে সোলার প্যানেল স্থাপন, বিশুদ্ধ পানীয় জল ও স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানোর ঘোষণা দেওয়া হয়েছে। সরকার শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে রাজনীতিমুক্ত ও মেধাভিত্তিক করার প্রতিশ্রুতি দিয়েছে এবং ওবিসি সংক্রান্ত আইনি জটিলতা কাটিয়ে দ্রুত নিয়োগ শুরুর আশ্বাস দিয়েছে। শিক্ষা ব্যবস্থায় অভিভাবকদের ভূমিকা বাড়াতে স্কুল পরিচালনার ক্ষেত্রে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান হিসেবে তাদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যার জন্য প্রয়োজনীয় আইন সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।