স্মার্ট মিটার চাপিয়ে দিতেই ফুঁসছে সিপিএম, বৃহত্তর আন্দোলনের পথে শহর!
জোর করে স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে সোমবার রূপনারায়ণপুরে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেছে সিপিএমের সালানপুর এরিয়া কমিটি। সংগঠনের অভিযোগ, বিদ্যমান বিদ্যুৎ আইন উপেক্ষা করে সাধারণ মানুষের ওপর এই সুবিধাবঞ্চিত ও জনবিরোধী স্মার্ট মিটার চাপিয়ে দেওয়া হচ্ছে, যা মূলত গরিব ও মধ্যবিত্ত গ্রাহকদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। বিক্ষোভ শেষে সংগঠনের পক্ষ থেকে সংস্থার সহকারী ইঞ্জিনিয়ারের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
ন’দফা দাবিসংবলিত ওই স্মারকলিপিতে গ্রাহকের অনুমতি ছাড়া স্মার্ট মিটার না বসানো এবং সচল পুরোনো মিটার ব্যবহারের অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ইমেলের পরিবর্তে ছাপা বিল প্রদান, বিদ্যুতের মূল্য হ্রাস, বিদ্যুৎ পরিষেবা বেসরকারিকরণ রোধ এবং সালানপুরে দ্রুত নৈশকালীন পরিষেবা চালুর দাবি তুলেছে সিপিএম। এসব দাবি দ্রুত মেনে নেওয়া না হলে বৃহত্তর গণআন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।