৮১ ফুটের রামমূর্তি তৈরির আড়ালে মানি লন্ডারিং, গ্রেফতার উদ্যোক্তা হরিদাস!
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে ৮১ ফুট উঁচু রাম মূর্তি নির্মাণের পরিকল্পনার সঙ্গে জড়িত শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে গোয়েন্দা বাহিনী তাঁকে মন্দির প্রাঙ্গণ থেকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে হাওয়ালার মাধ্যমে অর্থ পাচার এবং ৯ কোটি ৩৫ লাখ টাকার বেশি মানি লন্ডারিংয়ের সুনির্দিষ্ট অভিযোগে উত্তরা পশ্চিম থানায় সিআইডি মামলা দায়ের করেছে। গ্রেফতারের পর তাঁকে ঢাকায় ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
সিআইডির ভাষ্যমতে, হরিদাস চন্দ্র ও তাঁর সহযোগীরা অসাধু উপায়ে সম্পদ অর্জন করেছেন। এর আগে মন্দিরে ‘এশিয়ার সর্ববৃহৎ’ রাম বিগ্রহ তৈরির কাজ শুরু হলেও স্থানীয় ইমাম ওলামা পরিষদের আপত্তির মুখে গত ৯ জুন থেকে তা স্থগিত করা হয় এবং বিগত দুই মাস তিনি কার্যত গৃহবন্দি ছিলেন। এদিকে, তাঁর গ্রেফতারের ঘটনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তীব্র ক্ষোভ জানিয়ে একে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে। অন্যদিকে, আদালতে নিজের স্বপক্ষে সাফাই গেয়ে হরিদাস চন্দ্র দাবি করেছেন, তিনি কৃষিকাজ ও মন্দির পরিচালনার সঙ্গে যুক্ত এবং ভক্তদের অনুদানের অর্থে মন্দির নির্মাণের বিষয়টি অপরাধ হতে পারে না।