২০২৬ রথযাত্রা, কবে এবং কখন রশিতে টান দেওয়া সবচেয়ে শুভ?
আগামী ২০২৬ সালের ১৬ জুলাই, বৃহস্পতিবার (৩১ আষাঢ়) পরম ভক্তিভরে জগন্নাথদেবের রথযাত্রা পালিত হবে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আয়োজিত এই উৎসবে রথের রশিতে টান দেওয়ার শুভ মুহূর্ত নির্ধারণ করা হয়েছে ওইদিন বেলা ১১টা ৪৬ মিনিটে। এছাড়া ১৫ জুলাই দুপুর ১টা ৪৬ মিনিট থেকে ১৬ জুলাই সকাল ১১টা ৪৪ মিনিট পর্যন্ত দ্বিতীয়া তিথি চলবে। রথযাত্রার পাশাপাশি ২৪ জুলাই (৭ শ্রাবণ) শুক্রবার উল্টো রথ বা পুনর্যাত্রা অনুষ্ঠিত হবে।
পৌরাণিক রীতি অনুযায়ী, স্নানযাত্রার পর সুস্থ হয়ে আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি বা গুণ্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। বিশ্বাস করা হয়, এই রথযাত্রায় অংশগ্রহণ করলে ভক্তরা জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্তি পান এবং জীবনে সুখ-শান্তি বজায় থাকে। পুরী থেকে শুরু করে মাহেশ, ইস্কন এবং বিভিন্ন বনেদি বাড়িতে এই উৎসব ধুমধাম করে পালিত হয়। রথযাত্রার দিন মাহেন্দ্রযোগ ভোর ৫টা ৫৬ মিনিট থেকে এবং সকাল ৯টা ২৩ মিনিট থেকে ১১টা ১৬ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া অমৃতযোগসহ বিভিন্ন মাহেন্দ্রক্ষণে এই উৎসব উদযাপনে মেলা ও যাত্রাপালার আয়োজন করা হয়ে থাকে।