উত্তরপ্রদেশের রেকর্ড ভাঙতে ৭ কোটি গাছ লাগানোর চ্যালেঞ্জ শুভেন্দুর!
রাজ্যে শুরু হয়েছে ‘অরণ্য সপ্তাহ’। এই কর্মসূচিকে সামনে রেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বছর রাজ্যে ৭ কোটি ২০ লক্ষ চারা গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। উত্তরপ্রদেশের বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে পাল্লা দিয়ে এই উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রার কথা সোমবার বন দফতরের এক উচ্চপর্যায়ের বৈঠকে জানিয়েছেন তিনি।
বন দফতরের এই বৈঠকে মুখ্যমন্ত্রী সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে যুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন, রাজ্যের ৭৫টি রথযাত্রা মেলায় সরকারি সেবা কেন্দ্র থেকে বিনামূল্যে সাধারণ মানুষের মধ্যে চারা গাছ বিতরণ করতে হবে। বিশেষ করে ফলের গাছ এবং উপকূলবর্তী অঞ্চলে নারকেল চারা বিতরণের ওপর তিনি জোর দিয়েছেন। এছাড়া, প্রতিটি নাগরিককে অরণ্য সপ্তাহ পালন এবং নিজের মায়ের নামে অন্তত একটি করে গাছ লাগানোর জন্য অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।