বেসরকারি বিএড কলেজে কড়া নজরদারি, বায়োমেট্রিক ও সিসিটিভি এখন বাধ্যতামূলক!

রাজ্যজুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেসরকারি বিএড কলেজগুলোর অনিয়ম রুখতে কঠোর অবস্থান গ্রহণ করেছে রাজ্য সরকার। সম্প্রতি উচ্চশিক্ষা দফতর বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি নির্দেশিকা পাঠিয়ে কলেজগুলোর ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে। শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা, একই শিক্ষকের একাধিক কলেজে পাঠদান এবং যোগ্যতার অভাবের মতো দীর্ঘদিনের অভিযোগগুলো দূর করে পঠন-পাঠনের মান উন্নত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে বিএড কলেজগুলোতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্যই বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি ক্লাসের সিসিটিভি রেকর্ডিং কমপক্ষে এক মাস সংরক্ষণ করতে হবে এবং তা রিয়েল-টাইমে উচ্চশিক্ষা দফতরের ডিজিটাল প্ল্যাটফর্মে শেয়ার করতে হবে। পাশাপাশি, কলেজের পরিকাঠামো, শিক্ষক সংখ্যা এবং অ্যাকাডেমিক মানের ওপর নিয়মিত কঠোর পরিদর্শন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, কলেজগুলোর নতুন অনুমোদন বা নবীকরণের ক্ষেত্রে প্রতিটি বিষয় খুঁটিয়ে দেখার জন্য বলা হয়েছে। উপাচার্যকে দ্রুত এই নির্দেশিকা কার্যকর করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *