২১শে জুলাইয়ের প্রস্তুতিতে নতুন মোড়, নাচ-গান নয় এবার শুধুই শহিদ তর্পণ!
২১শে জুলাইয়ের সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ফিরহাদ হাকিম
কলকাতা: প্রতি বছরের মতো এবারও ২১শে জুলাইয়ের শহিদ দিবসের প্রস্তুতি তুঙ্গে। এবারের প্রস্তুতিতে বিশেষ দায়িত্ব সামলাচ্ছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা ও কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। সোমবার তিনি সশরীরে ধর্মতলার গান্ধি মূর্তির পাদদেশে সভাস্থল পরিদর্শন করেন এবং মঞ্চসহ কর্মীদের বসার জায়গার সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন।
এবারের আয়োজন প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানান, এটি কোনো উৎসবের দিন নয়, বরং শহিদ তর্পণের দিন। ১৯৯৩ সালের ২১শে জুলাই পুলিশের গুলিতে নিহত ১৩ জন শহিদসহ সেই আন্দোলনের সমস্ত আত্মত্যাগকারীকে বিনম্র শ্রদ্ধা জানানোই এই সভার মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, বিরোধী দলে থাকা সময় থেকেই তাঁরা এই দিনটি পালন করে আসছেন এবং শহিদদের প্রতি এই শ্রদ্ধানিবেদন অব্যাহত রেখেছেন। মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত থাকা প্রসঙ্গে তিনি জানান, তিনি বরাবরই নিজের মতো করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভ্যস্ত এবং এ বছরও সেই দায়িত্বই পালন করছেন।