কলকাতা থেকে বাসেই এবার দিল্লি, চেন্নাই বা বেঙ্গালুরু, স্বপ্নের সফর এখন হাতের মুঠোয়!
কলকাতা থেকে দূরপাল্লার বিলাসবহুল বাস পরিষেবা চালু করল শ্যামলী পরিবহণ
কলকাতা থেকে দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই এবং পুরীর মতো দূরবর্তী গন্তব্যে সরাসরি যাতায়াতের জন্য নতুন বিলাসবহুল বাস পরিষেবা চালু করতে যাচ্ছে শ্যামলী পরিবহণ সংস্থা। বুধবার কলকাতার করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। সংস্থা জানিয়েছে, যাত্রীরা সপ্তাহের সাত দিনই এই পরিষেবা নিতে পারবেন। ভাড়ার তালিকা অনুযায়ী, দিল্লিতে যেতে ২৫০০–৩০০০ টাকা (২৬ ঘণ্টা), বেঙ্গালুরুতে ৪৫০০ টাকা (৩৫ ঘণ্টা), চেন্নাইতে ৪৭০০ টাকা (২৪ ঘণ্টা) এবং পুরীর জন্য ১৫০০–২০০০ টাকা (৮ ঘণ্টা) খরচ হবে।
যাত্রীদের দীর্ঘ যাত্রার আরাম নিশ্চিত করতে বাসগুলোতে অত্যাধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিটি আসনের সঙ্গে ব্যক্তিগত টিভি স্ক্রিন, বালিশ, চাদর এবং স্ন্যাক্সসহ চা-কফির ব্যবস্থা। এছাড়া বাসের ভেতরে পরিচ্ছন্নতার জন্য রাখা হয়েছে বায়ো-টয়লেট। শ্যামলী পরিবহণ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অরুণ ঘোষ জানিয়েছেন, মূলত যাত্রীদের ব্যাপক চাহিদার কথা বিবেচনা করেই এই বিলাসবহুল পরিষেবা চালু করা হচ্ছে, যা ট্রেনের ফার্স্ট ক্লাস এসি বা বিমানের সমতুল্য আরাম প্রদান করবে।