কলেজ স্কোয়ারে পুজো নিয়ে জল্পনা শেষ, কড়া বার্তা শমীক ভট্টাচার্যের!
কলেজ স্কোয়ারের পুজো কমিটিতে যোগদানের প্রস্তাব খারিজ শমীক ভট্টাচার্যের
কলকাতা: কলেজ স্কোয়ারের দুর্গোৎসব কমিটির সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব সরাসরি খারিজ করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পুজোর উদ্যোক্তারা তাঁকে কমিটিতে যোগ দেওয়ার আবেদন জানালেও, শমীক স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি শুধু কলেজ স্কোয়ার নয়, কোনো পুজোরই কোনো দায়িত্ব বা সভাপতি পদের সঙ্গে যুক্ত হবেন না। গত তিন মাস ধরে উদ্যোক্তারা তাঁকে এই অনুরোধ জানিয়ে আসছিলেন।
নিউজ১৮ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শমীক ভট্টাচার্য জানিয়েছেন, পুজোর ক্ষেত্রে রাজনৈতিক দখলদারির সংস্কৃতি তিনি সমর্থন করেন না। তাঁর মতে, বিধায়ক বা মন্ত্রীরা ব্যক্তিগতভাবে পুজোর সভাপতি হতেই পারেন, কিন্তু রাজনৈতিক পরিচয়ে পুজোর দায়িত্ব নেওয়ার সংস্কৃতি সঠিক নয়। বর্তমানে তৃণমূল সরকারের আমলে অধিকাংশ পুজোই রাজনৈতিক নেতাদের দখলে চলে গেছে বলে অভিযোগ তুলে শমীক ভট্টাচার্য বার্তা দিয়েছেন যে, পুজো কমিটিগুলোর ওপর নেতাদের এমন আধিপত্য থাকা উচিত নয়।