পাসপোর্ট ছাড়াই ৭ মাস ভারতে! নেপাল পালানোর সময় গ্রেপ্তার মার্কিন নৌসেনা
পাসপোর্ট ছাড়া সাত মাস ভারতে কাটানোর পর উত্তরপ্রদেশ সীমান্ত থেকে জর্ডন ব্রাউন নামে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে সশস্ত্র সীমা বল (এসএসবি)। রবিবার নেপালে প্রবেশের সময় তাঁকে আটক করা হয়। নিজেকে প্রাক্তন নৌসেনা পরিচয় দেওয়া ওই যুবক জেরায় জানান, থাইল্যান্ডে পাসপোর্ট হারিয়ে যাওয়ার পর সমুদ্রপথে শ্রীলঙ্কা হয়ে গত নভেম্বরে তিনি গোয়ায় পৌঁছান। এরপর দীর্ঘ সময় ধরে তিনি দেশের বিভিন্ন শহরে অবাধে ঘুরে বেড়িয়েছেন। গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। জর্ডন ব্রাউনের বয়ান বারবার বদলের কারণে পুরো বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন তদন্তকারীরা। এর আগে গত মার্চ মাসে দমদম বিমানবন্দরে ষড়যন্ত্রের অভিযোগে ম্যাথু ভ্যানডাইক নামে আরেক মার্কিন নাগরিক গ্রেপ্তার হয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বিনা পাসপোর্টে আরেক মার্কিন নাগরিকের দেশের ভেতরে এমন অবাধ যাতায়াত ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে।