‘লড়কী বহিন’ প্রকল্পে বড় ধাক্কা: বাদ ৯২ লক্ষ উপভোক্তার নাম!
পশ্চিমবঙ্গের ‘লক্ষ্মীর ভান্ডার’-এর আদলে মহারাষ্ট্রে চালু হওয়া ‘মুখ্যমন্ত্রী মাঝি লড়কী বহিন যোজনা’য় বড় ধরনের অনিয়ম ও কারচুপির হদিশ মিলেছে। সরকারি যাচাইপ্রক্রিয়া শেষে এই প্রকল্প থেকে প্রায় ৯২ লক্ষ উপভোক্তার নাম বাদ দেওয়া হয়েছে, যা প্রকল্পের মোট উপভোক্তার ৩৮ শতাংশ। আশ্চর্যের বিষয় হলো, মহিলাদের জন্য নির্দিষ্ট এই প্রকল্পের সুবিধা নিচ্ছিলেন ২৯ হাজার পুরুষও।
মহারাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী, বিভিন্ন অসংগতির কারণে এই ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৬২ লক্ষ উপভোক্তার ই-কেওয়াইসি অসম্পূর্ণ ছিল এবং ১৬ লক্ষ জনের পারিবারিক আয় বার্ষিক আড়াই লক্ষ টাকার বেশি। এছাড়া সরকারি চাকরিতে যুক্ত ৮ হাজার জন, ৬৫ বছরের বেশি বয়সের ১.৮ লক্ষ ব্যক্তি, অন্য সরকারি সুবিধাভোগী ৩.৬ লক্ষ মহিলা এবং একই পরিবারের একাধিক সদস্য হওয়ার কারণে আরও ২.৫ লক্ষ জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, অযোগ্য হওয়া সত্ত্বেও অনেকে প্রায় ১০ মাস ধরে এই প্রকল্পের টাকা পাচ্ছিলেন, যা যাচাইয়ের পর ধরা পড়ে।