পুজোর দখল কি রাজনীতির হাতে? কলেজ স্কোয়ার ইস্যুতে সরব শমীক!
কলেজ স্কোয়ারের দুর্গাপুজো কমিটির সভাপতি হওয়ার জল্পনা কার্যত খারিজ করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কলেজ স্কোয়ার তো বটেই, রাজ্যের কোনো পুজো কমিটিরই সভাপতি বা প্রশাসনিক পদে তিনি কোনো দায়িত্ব গ্রহণ করবেন না। আগামী বৃহস্পতিবার কলেজ স্কোয়ারের খুঁটি পুজোয় আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন ঠিকই, তবে কোনো সাংগঠনিক দায়িত্ব নেওয়ার সম্ভাবনা তিনি উড়িয়ে দিয়েছেন।
দুর্গাপুজোকে ব্যক্তিগত বা রাজনৈতিক গণ্ডি থেকে মুক্ত রাখার পক্ষেই মত দিয়েছেন শমীক ভট্টাচার্য। পুজোর ক্লাব বা কমিটির স্বাতন্ত্র্য বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি দলীয় সাংসদ ও বিধায়কদের উদ্দেশে বার্তা দিয়েছেন যে, নিজের এলাকার বাইরে রাজনৈতিক নেতাদের পুজো কমিটির দায়িত্ব নেওয়া সমীচীন নয়। তার মতে, দুর্গাপুজো সর্বজনীন উৎসব এবং এর পরিচালনার রাশ সাধারণ মানুষের হাতেই থাকা উচিত, কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে নয়। সুরুচি সঙ্ঘসহ কলকাতার একাধিক বড় পুজোর সাংগঠনিক পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে চলা জল্পনার আবহে শমীক ভট্টাচার্যের এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।