ভোজশালায় নমাজ পাঠে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বহাল সুপ্রিম কোর্টের!
মধ্যপ্রদেশের বিতর্কিত ভোজশালায় নতুন করে নমাজ পড়ার অনুমতি চেয়ে করা মুসলিম পক্ষের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় এই মুহূর্তে নতুন কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া সম্ভব নয়। তবে আদালতের নির্দেশ অনুযায়ী, শুক্রবার দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত মন্দির সংলগ্ন খোলা জায়গায় নমাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে এবং এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে মধ্যপ্রদেশ সরকারকে।
ভোজশালাকে মন্দির হিসেবে ঘোষণা করে মধ্যপ্রদেশ হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে মুসলিম পক্ষ সুপ্রিম কোর্টে আপিল করেছিল। মামলাটির গুরুত্ব বিবেচনা করে সর্বোচ্চ আদালত দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছে। পাশাপাশি, বিবাদমান এই বিষয়টি নিয়ে সব পক্ষকে শব্দচয়নে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আদালত। ঐতিহাসিক এই সৌধটিকে ঘিরে হিন্দু ও মুসলিম উভয় পক্ষের দীর্ঘদিনের দাবির কারণে এলাকাটি দীর্ঘদিন ধরে বিশেষ স্পর্শকাতর হিসেবে বিবেচিত হয়ে আসছে।