‘অপরাধী নেওয়াই ছিল ভুল’, দলীয় নেতার গ্রেপ্তারিতে অস্বস্তিতে বিজেপি!

পূর্ব বর্ধমানের জামালপুরে এক আশাকর্মীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে সুশান্ত মণ্ডল নামে এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুশান্ত মণ্ডল বিজেপির জামালপুর ১ মণ্ডলের সহ-সভাপতি এবং উত্তর মোহনপুর গ্রামের বাসিন্দা। সোমবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তারের পর মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনার মূল অভিযুক্ত এবং বিজেপির জামালপুর ১ মণ্ডলের সম্পাদক বসন্ত পাঁজা বর্তমানে পলাতক রয়েছেন।

অভিযোগকারিণীর বাড়ি হিরণ্যগ্রামে। গত ১৮ মে তিনি যখন নিজের জমির সীমানায় বাঁশের বেড়া দিচ্ছিলেন, তখন অভিযুক্তরা জমি দখলের উদ্দেশ্যে তাঁর বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। রড, শাবল ও লাঠি নিয়ে ঘরে ঢুকে তাঁকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ১৯ মে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ধৃত সুশান্ত মণ্ডলের বিরুদ্ধে অতীতেও বোমা মারার নাটক এবং বিদ্যুৎ চুরির মতো একাধিক অভিযোগ রয়েছে। এদিকে, দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সুশান্তকে ফাঁসানো হয়েছে বলে তাঁর পরিবার দাবি করলেও, বিজেপি নেতৃত্ব জানিয়েছেন যে অন্যায়ের কারণেই পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে এবং অপরাধমূলক মানসিকতার ব্যক্তিদের দলে নেওয়া সঠিক হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *