১০০% বিশুদ্ধ পেট্রোল কি তবে বিলাসিতা! বাড়তি দাম গুণতেই হবে গ্রাহককে?
কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, গ্রাহকদের ইথানল-মিশ্রিত পেট্রোল ব্যবহারের বাধ্যবাধকতা নেই। যারা ইথানল-মিশ্রিত জ্বালানি ব্যবহার করতে চান না, তাঁরা চাইলে ১০০ শতাংশ বিশুদ্ধ পেট্রোল ব্যবহার করতে পারবেন। তবে সাধারণের তুলনায় এই বিশুদ্ধ জ্বালানির জন্য গ্রাহককে বাড়তি মূল্য দিতে হবে।
ই২০ (২০ শতাংশ ইথানল মিশ্রিত) জ্বালানিতে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নিয়ে যে জল্পনা ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন মন্ত্রী। তিনি জানান, এখন পর্যন্ত ইঞ্জিনের ক্ষতির কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং ই১০ জ্বালানির জন্য তৈরি সব গাড়িই ই২০ ব্যবহারের উপযোগী। ভবিষ্যতে গ্রাহকদের জন্য ই৮৫ (৮৫ শতাংশ ইথানল-মিশ্রিত) জ্বালানিতে সক্ষম ‘ফ্লেক্স ফুয়েল ভেহিকল’ বাজারে আনার পরিকল্পনা রয়েছে, যার দাম সাধারণ জ্বালানির চেয়ে কম হবে।