অন্নপূর্ণার অ্যাকাউন্টে টাকা ঢোকার পরেই গায়েব, সিএসপি কর্মীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ!
মালদহের চাঁচল থানার ভেবা এলাকায় অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্ট (সিএসপি) কর্মীর বিরুদ্ধে সরব হয়েছেন এক উপভোক্তা। মর্জিনা বিবি নামক ওই উপভোক্তার অভিযোগ, সরকারি প্রকল্পের টাকা তাঁর অ্যাকাউন্টে ঢোকার পর অভিযুক্ত কর্মী বানু চৌধুরী তাঁকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেন এবং বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে কৌশলে টাকা তুলে নেন। পরবর্তীকালে ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে টাকা তুলে নেওয়ার বিষয়টি স্পষ্ট হলে তিনি অভিযুক্তের মুখোশ খুলে দেন।
এই ঘটনার প্রতিবাদ করায় উপভোক্তাকে মারধর করার অভিযোগ উঠেছে অভিযুক্ত সিএসপি কর্মীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে চাঁচল সুপারস্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও অভিযুক্ত কর্মী নিজের বিরুদ্ধে ওঠা মারধরের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।