২১ জুলাইয়ের সভা নিয়ে বড় নির্দেশ, রাজ্যকে আজই জানাতে হবে অবস্থান!
২১ জুলাইয়ের সমাবেশের স্থান নিয়ে জট: রাজ্যকে বুধবারের মধ্যে অবস্থান স্পষ্ট করার নির্দেশ হাইকোর্টের
কলকাতা: আগামী ২১ জুলাই শহিদ দিবস কর্মসূচির স্থান নির্ধারণ নিয়ে অব্যাহত জট। কালীঘাট তৃণমূলের প্রস্তাবিত স্থানে সমাবেশের অনুমতি চেয়ে দায়ের হওয়া মামলায় বুধবার দুপুর সাড়ে ১২টার মধ্যে রাজ্য সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। শুনানিকালে বিচারপতি রাজ্যের কাছে জানতে চেয়েছেন, পর্যাপ্ত বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও প্রস্তাবিত ডোরিনা ক্রসিং বা এসপ্ল্যানেড পূর্বের মতো এলাকায় কর্মসূচি পালনে সমস্যা কোথায়। রাজ্যকে দ্রুত এই দুটি স্থানের মধ্যে কোথায় অনুমতি দেওয়া সম্ভব, তা জানাতে বলা হয়েছে।
এর আগে রাজ্য সরকার আদালতকে জানায় যে, শহিদ মিনারে কংগ্রেস এবং গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের অন্য একটি গোষ্ঠীর কর্মসূচির অনুমতি দেওয়ায় ভিড় সামলানো কঠিন হতে পারে। এর বিকল্প হিসেবে রাজ্য হাজরা মোড়ের প্রস্তাব দিলেও তা নাকচ করে দিয়েছেন তৃণমূলের আইনজীবী। উল্লেখ্য, এর আগে কলকাতা পুলিশের দেওয়া ব্রিগেড ময়দান, রামলীলা ময়দান ও হাজরা পার্কের বিকল্পগুলি গ্রহণ করেনি কালীঘাট তৃণমূল। পুলিশ প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠকেও কোনো রফাসূত্র না মেলায় শেষ পর্যন্ত মামলাটি আদালতে গড়ায়।