১৮ পেরোলেন? নিঃশব্দ ঘাতক এই অসুখ থেকে সাবধান!
ভারতের অন্তত ১২ শতাংশ তরুণ বর্তমানে ‘মাস্কড হাইপারটেনশন’ বা উচ্চ রক্তচাপের নীরব ঝুঁকিতে রয়েছে। কোনো স্পষ্ট লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধা এই রোগটি স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। চিকিৎসকদের মতে, রাতে ঘন ঘন প্রস্রাব, কানে ভোঁ ভোঁ শব্দ, ঘাড়ে ও কাঁধে টান, অনিদ্রা এবং চোখে লাল দাগের মতো উপসর্গগুলো উচ্চ রক্তচাপের প্রাথমিক সংকেত হতে পারে। ৮৬০০ জন ভারতীয় রোগীর ওপর পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত লবণ গ্রহণ, স্থূলতা, শারীরিক পরিশ্রমের অভাব এবং মানসিক চাপই এই সমস্যার প্রধান কারণ।
বিশেষজ্ঞরা এই রোগ শনাক্ত করার জন্য ‘রুল অফ থ্রি’ বা তিন দিনের নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। এই নিয়ম অনুযায়ী, টানা তিন দিন একই সময়ে রক্তচাপ মেপে যদি তার গড় ১৩৫/৮৫ mmHg-এর বেশি পাওয়া যায়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া ১৮ বছর বয়স থেকেই নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা প্রয়োজন। ৪০ বছর বয়সীদের ক্ষেত্রে ৬ থেকে ১২ মাস অন্তর স্বাস্থ্য পরীক্ষা জরুরি। তবে যাদের ডায়াবেটিস, কিডনির সমস্যা বা হৃদরোগ রয়েছে এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত রক্তচাপ মনিটর করা বাধ্যতামূলক।