একই সংস্থাকে বারবার বরাত নয়, টেন্ডারে স্বচ্ছতা ফেরাতে কড়া নির্দেশ নবান্নের!

রাজ্যের সরকারি কাজে একই সংস্থাকে বারবার বরাত দেওয়ার পুরনো প্রথায় রাশ টানল নবান্ন। সরকারি আর্থিক বিধি কঠোরভাবে মেনে চলা এবং কাজের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে রাজ্য সরকার পাঁচ দফার একটি নতুন নির্দেশিকা জারি করেছে। মুখ্যসচিবের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, এখন থেকে সরকারি প্রকল্পের চুক্তির মেয়াদ বাড়িয়ে কোনো সংস্থাকে দিয়ে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে না।

নতুন নির্দেশিকা অনুযায়ী, সরকারি কাজে ব্যাঘাত এড়াতে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে থেকেই নতুন টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু করতে হবে। কোনো অবস্থাতেই পুরনো সংস্থার চুক্তির মেয়াদ বৃদ্ধি বা পুনর্নবীকরণ করা যাবে না। অহেতুক টেন্ডার না ডাকলে বা অনুমতি ছাড়া চুক্তির মেয়াদ বাড়ালে তা আর্থিক বিধির লঙ্ঘন বলে গণ্য হবে এবং দায়বদ্ধ আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারের লক্ষ্য, উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে প্রতিযোগিতামূলক পরিবেশে যোগ্য সংস্থাকে বেছে নিয়ে সরকারি পরিষেবায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *