নিট দুর্নীতির প্রতিবাদে ১৮ দিনের অনশন, থামতে নারাজ সোনম ওয়াংচুক!

নিট (NEET UG 2026)-সহ সর্বভারতীয় পরীক্ষায় ব্যাপক দুর্নীতির প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের আমরণ অনশন আজ ১৮ দিনে পদার্পণ করল। টানা অনশনের ফলে তাঁর স্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে; তাঁর ওজন ৮.৪ কেজি কমেছে এবং রক্তচাপ নেমে দাঁড়িয়েছে ১০৯/৭০-এ। শরীরে পেশির ভর কমে যাওয়ায় তিনি তীব্র যন্ত্রণায় ভুগছেন। তা সত্ত্বেও নিজের দাবিতে অনড় থেকে তিনি সাফ জানিয়েছেন, সরকার আলাপ-আলোচনায় না বসা পর্যন্ত তিনি আন্দোলন চালিয়ে যাবেন।

আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং দুর্নীতির কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান। অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অরুন্ধতী রায় ও নাসিরুদ্দিন শাহের মতো বিশিষ্টজনরা সোনম ওয়াংচুকের জীবনের নিরাপত্তায় উদ্বেগ প্রকাশ করে তাঁকে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। এদিকে, শারীরিক অসুস্থতা সত্ত্বেও আন্দোলনকারীরা পিছু হঠতে নারাজ। আগামী ২০ জুলাই সংসদের বাদল অধিবেশন শুরুর দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত এক শান্তিপূর্ণ পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *