বারুইপুর গণপিটুনিকাণ্ড: কড়া ব্যবস্থা নিতেই জালে আরও ৮ জন!
বারুইপুরে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৮, নিহতের পরিবারকে আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রীর
বারুইপুরে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্তে গতি এসেছে। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরই পুলিশ সূর্যপুর এলাকা থেকে সাকিম লস্কর ওরফে ‘কেলে’ নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। এ নিয়ে ওই ঘটনায় এখন পর্যন্ত মোট আটজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী গণপিটুনি, বেআইনি জমায়েত এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রুজু হয়েছে। বুধবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বাকি জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
রবিবার সূর্যপুরের একটি পুকুর থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধারের পর এলাকায় ব্যাপক অশান্তি ছড়ায়। সেই ঘটনার জেরে সন্দেহের বশে ঘুমন্ত ইন্দ্রজিৎ মণ্ডলকে বাড়ি থেকে টেনে বের করে পিটিয়ে খুন করে উন্মত্ত জনতা। শনিবার বারুইপুরে গিয়ে মুখ্যমন্ত্রী এই ঘটনায় নিহত ইন্দ্রজিৎকে সম্পূর্ণ নির্দোষ বলে ঘোষণা করেন। তিনি নিহতের পরিবারের হাতে ২৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন এবং তাঁর দাদাকে সিভিক ভলান্টিয়ারের চাকরি প্রদান করেন। বর্তমানে প্রশাসনের কড়া নজরদারিতে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।