ভুয়ো নথিতে ৪ কোটির ব্যাঙ্ক জালিয়াতি, হাওড়ায় নগদসহ গ্রেপ্তার ৩!

হাওড়ায় ভুয়ো জমির দলিল ও জাল নথি ব্যবহার করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে প্রায় ৪ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃতদের নাম মানস রায়, তাপস রায় এবং তন্ময় রায়। অভিযানে তাদের বাড়ি থেকে নগদ প্রায় দেড় কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। বুধবার ধৃতদের কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়।

২০১৮ সালে ব্যবসার নামে ওই ব্যাংক থেকে ঋণ নেওয়ার সময় অভিযুক্তরা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটি বিল্ডিং প্ল্যানসহ বেশ কিছু জমির কাগজপত্র বন্ধক রেখেছিল। পরবর্তীকালে ব্যাংক কর্তৃপক্ষ যাচাই করে দেখেন, জমা দেওয়া সমস্ত নথি ও দলিল ভুয়ো। এরপর ব্যাংকের অভিযোগের ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের হলে কলকাতা পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে। তদন্তে হাওড়া গ্রামীণ এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এই প্রতারণা চক্রের সাথে আর কেউ জড়িত কি না এবং অবশিষ্ট টাকা কোথায় রয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *