২১ জুলাইয়ের সভায় বড় বাধা, ভিক্টোরিয়া হাউসের সামনে কি আদৌ সম্ভব সমাবেশ?

২১ জুলাইয়ের সভা নিয়ে হাইকোর্টের কড়া পর্যবেক্ষণ, ভিক্টোরিয়া হাউসের সামনে অনুমতিতে অস্বীকৃতি

কলকাতায় ২১ জুলাইয়ের শহীদ দিবস পালন নিয়ে বড়সড় আইনি জটিলতা তৈরি হয়েছে। এদিন ভিক্টোরিয়া হাউসের সামনে জনসভা করার জন্য তৃণমূল কংগ্রেস আবেদন জানালে তা সরাসরি খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের পর্যবেক্ষণ, ওই জায়গায় সভা হলে উত্তরমুখী মূল রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়, যা সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই পরিস্থিতিতে আদালত সব পক্ষকে বিকল্প কোনো জায়গার কথা ভেবে দেখার নির্দেশ দিয়েছে।

শুনানির সময় তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ১৯৯৩ সাল থেকে ধারাবাহিকতা বজায় রেখে তারা শহীদ দিবস পালন করছেন। তবে অন্য বিকল্প হিসেবে হাজরায় সভা করার প্রস্তাবের বিরোধিতা করে দল জানায়, এতে হাওড়া স্টেশন থেকে আসা মানুষের ভোগান্তি হবে। অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানান, পুলিশ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভার অনুমতি দিতে রাজি থাকলেও, ধর্মতলার আশেপাশে ইতিমধ্যে অন্যান্য দলের সভার অনুমতি থাকায় জননিরাপত্তা বজায় রাখা কঠিন হতে পারে। ডোরিনা ক্রসিং, মেট্রো চ্যানেল বা বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সভা করা সম্ভব কি না, তা নিয়ে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে রাজ্য সরকারকে তাদের অবস্থান জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আজ দুপুর ১২টা ৩০ মিনিটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *