অটিজম আক্রান্ত সন্তানের মায়েদের বদলি নিয়ে হাইকোর্টের ঐতিহাসিক রায়!
অটিজম আক্রান্ত সন্তানের চিকিৎসার সুবিধার্থে বাড়ির কাছাকাছি বদলির আবেদন জানানো দুই শিক্ষিকার পক্ষেই রায় দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, মাতৃত্বের অধিকার ও সন্তানের প্রতি দায়বদ্ধতাকে অগ্রাধিকার দেওয়া বাঞ্ছনীয়। স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি) আগামী আট সপ্তাহের মধ্যে এই বদলি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে আদালত।
মামলাকারী শিক্ষিকা ইন্দ্রাণী বসু ও তনুশ্রী বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে তাঁদের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত সন্তানদের পরিচর্যার জন্য বাড়ির কাছাকাছি বদলির আবেদন জানালেও ‘উৎসশ্রী’ পোর্টালে তা প্রত্যাখ্যাত হয়েছিল। মামলাকারীদের আইনজীবী আদালতে দাবি করেন, বর্তমান বদলি বিধিতে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের বিষয়টিকে উপেক্ষা করা বৈষম্যমূলক ও সংবিধানের পরিপন্থী। সবপক্ষের শুনানির পর আদালত এই নির্দেশ দেয়, যা একই পরিস্থিতির শিকার অন্য শিক্ষিকাদের জন্য বড় স্বস্তির বার্তা বহন করছে।