মমতা আমাকে এনডিএতে লড়তে বলেছিলেন! কাকলি ঘোষ দস্তিদারের পোস্টে শোরগোল!
তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রাজনৈতিক জল্পনা
কলকাতা: তৃণমূল কংগ্রেসের বর্তমান সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রবিবার নিজের এক্স হ্যান্ডলে ‘সাপোর্ট এনডিএ’ এবং ‘নরেন্দ্র মোদী জিন্দাবাদ’ সংক্রান্ত পোস্ট করার পাশাপাশি, ফেসবুকে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি পুরনো ছবি শেয়ার করেছেন তিনি। পোস্টের ক্যাপশনে সাংসদ লিখেছেন, তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে এনডিএ-এর হয়ে হাওড়া থেকে নির্বাচনে লড়ার সুযোগ দিয়েছিলেন এবং অটল বিহারী বাজপেয়ী তাঁর হয়ে প্রচার করতে এসেছিলেন।
সাংসদের এই পোস্ট প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের শুরুর দিকে এনডিএ-এর সঙ্গে দলের যে রাজনৈতিক সমীকরণ ছিল, তিনি সেই ইতিহাসই মনে করিয়ে দিতে চেয়েছেন নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক বার্তা রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। সোশ্যাল মিডিয়ায় পোস্টটি দ্রুত ভাইরাল হলেও কাকলি ঘোষ দস্তিদার নিজে এ বিষয়ে কোনো অতিরিক্ত ব্যাখ্যা দেননি। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর এই পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।