মোদীর হস্তক্ষেপে পরমাণু হামলা থেকে পিছিয়ে এলেন পুতিন!
ইউক্রেন যুদ্ধের সময় ২০২২ সালের শেষের দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র প্রয়োগের পরিকল্পনা করেছিলেন, তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। সোমবার নয়াদিল্লিতে ভারত-পোল্যান্ড যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেন পোল্যান্ডের উপ-বিদেশমন্ত্রী ভ্লাদিস্লাভ তেওফিল বারতোশেভস্কি। তিনি আন্তর্জাতিক মহলে মোদীর প্রভাবের ভূয়সী প্রশংসা করে বলেন, বিশ্বের যে অল্প কয়েকজন নেতার পরামর্শ পুতিন শোনেন, নরেন্দ্র মোদী তাদের মধ্যে অন্যতম।
পোল্যান্ডের উপ-বিদেশমন্ত্রী আরও জানান, ২০২২ সালে পুতিনের উদ্দেশ্যে মোদীর করা “এটা যুদ্ধের যুগ নয়” মন্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে সাহায্য করেছে। পাশাপাশি, ইরান ইস্যুতে ভারতের মধ্যস্থতাকারী ভূমিকা এবং রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবিকেও পোল্যান্ড পূর্ণ সমর্থন জানিয়েছে। পশ্চিমি দেশগুলোর চাপের মুখেও ভারতের ভারসাম্যপূর্ণ কূটনীতি ও আলোচনার মাধ্যমে সংঘাত সমাধানের প্রচেষ্টাকে তিনি বিশ্বজুড়ে প্রশংসার দাবিদার বলে উল্লেখ করেন।