দশম শ্রেণির সার্টিফিকেট পেতে এবার বাধ্যতামূলক তৃতীয় ভাষা!
জাতীয় শিক্ষানীতি (NEP 2020) অনুযায়ী বড় সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই। এখন থেকে দশম শ্রেণির বোর্ড সার্টিফিকেট পাওয়ার জন্য পড়ুয়াদের একটি ‘তৃতীয় ভাষা’য় পাশ করা বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়মটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে যারা নবম শ্রেণিতে উঠবে, তাদের থেকে কার্যকর হবে। ফলে ২০২৭-২৮ শিক্ষাবর্ষের দশম শ্রেণির পড়ুয়ারা প্রথম এই নতুন নিয়ম মোকাবিলা করবে। বর্তমানে যারা দশম শ্রেণিতে পড়াশোনা করছে, তাদের ওপর এই নিয়ম কার্যকর হবে না।
তৃতীয় ভাষার জন্য কোনো বোর্ড পরীক্ষা না থাকলেও স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়নে (Internal Assessment) পাশ করা বাধ্যতামূলক। এতে অকৃতকার্য হলে মিলবে না দশম শ্রেণির ফাইনাল সার্টিফিকেট। ফেল করলে স্কুল পুনরায় মূল্যায়নের সুযোগ দেবে, তবে দ্বিতীয়বারও অকৃতকার্য হলে সার্টিফিকেট দেওয়া হবে না। নবম শ্রেণিতে এই বিষয়ে ফেল করলেও দশম শ্রেণিতে উত্তীর্ণ হওয়া যাবে, তবে দশম শ্রেণির পড়াশোনা চলাকালীনই সেই বকেয়া পরীক্ষা সম্পন্ন করতে হবে। এছাড়া ষষ্ঠ শ্রেণি থেকেই তিন ভাষার সূত্র চালু করা হচ্ছে, যার মধ্যে অন্তত দুটি ভাষা হতে হবে ভারতীয় ভাষা। বিদেশি ভাষা পড়ার সুযোগ থাকলেও শিক্ষার্থীদের অতিরিক্ত হিসেবে একটি ভারতীয় ভাষা নিতেই হবে।