তৃণমূলের বন্ধ পার্টি অফিসে উদ্ধার সরকারি নথি, চাঞ্চল্য!
নদিয়ার নবদ্বীপের মায়াপুর বসাকপাড়া মোড় সংলগ্ন একটি পরিত্যক্ত তৃণমূল কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি নথি উদ্ধার করেছে পুলিশ। ওই কার্যালয় থেকে প্রচুর ডিজিটাল রেশন কার্ড, ভোটার কার্ড এবং মৎস্যজীবী পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই কার্যালয়টি বন্ধ ছিল।
বিজেপির নবদ্বীপ উত্তর মণ্ডলের সহ-সভাপতি তন্ময় কুন্ডুর দাবি, ৭ নম্বর ওয়ার্ডে অস্থায়ী শিবির পরিচালনার জন্য তৃণমূলের স্থানীয় নেতারা তাঁদের এই কার্যালয় ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। কার্যালয় খোলার পর তাঁরা দেখেন, একটি আলমারি খোলা এবং ঘরের মেঝেতে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এ নিয়ে সাধারণ মানুষের সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে জটিলতার আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি নেতৃত্ব। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত নথি উদ্ধার করে নিয়ে গেছে। কী কারণে সরকারি নথি দলীয় কার্যালয়ে রাখা হয়েছিল, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।