দল ছাড়ছে হেভিওয়েটরা, শূন্য থেকে শুরু করতে প্রস্তুত মমতা!
দলীয় ভাঙন ও বর্ষীয়ান নেতাদের দলত্যাগের প্রেক্ষাপটে তৈরি হওয়া জল্পনার জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক ফেসবুক লাইভে এসে দলনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, পুরনো সঙ্গীরা দল ছাড়লেও তিনি দমে যাওয়ার পাত্রী নন। ১৯৯৮ সালের মতো প্রয়োজনে আবারও শূন্য থেকে লড়াই শুরু করতে তিনি সম্পূর্ণ প্রস্তুত। নিজের বক্তব্যে দলত্যাগীদের উদ্দেশ্য করে মমতা বলেন, তাঁদের অনেকেরই ব্যক্তিগত ‘লাগেজ-ব্যাগেজ’ বা সমস্যা রয়েছে, যা এখন তাঁর কাছে স্পষ্ট হচ্ছে।
পদলোভীদের পরিবর্তে এখন তৃণমূল স্তরের কর্মী এবং যুবসমাজের ওপরই ভরসা রাখছেন বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি উল্লেখ করেন যে, দলের বড় অংশ এখনও তাঁর পাশেই আছে এবং তরুণ প্রজন্মকে আগলে রাখাই এখন তাঁর লক্ষ্য। একইসঙ্গে আসন্ন ২১ জুলাইয়ের সমাবেশ বানচালের চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে মমতা স্পষ্ট করেছেন, বাধা এলেও সভা হবেই। প্রয়োজনে খালি গলায় কিম্বা রিকশায় দাঁড়িয়ে বক্তৃতা দেবেন, কিন্তু লড়াই থামবে না বলে ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। ২০২৬ সালের নির্বাচনের লড়াইয়ের জন্যও তিনি মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন।